বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)’র আওতায় দেশব্যাপী পরিচালিত চতুর্থ অর্থনৈতিক শুমারি, ২০২৪-এর চাঁপাইনবাবগঞ্জ জেলার ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা বিএনপির সদস্য সচিব ব্যবসায়ী রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)।
মাল্টিমিডিয়ায় জাতীয়, বিভাগীয় ও জেলার ফলাফল তুলে ধরেন এবং সেমিনার সঞ্চালনা করেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক রাজীব কুমার কর্মকার। তিনি তার উপস্থাপনায় জানান, এই জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৩টি, যার মধ্যে ৭০.৫৬ শতাংশ গ্রামীণ এলাকায় এবং ২৯.৪৪ শতাংশ শহরাঞ্চলে। আবার এর মধ্যে স্থায়ী অর্থনৈতিক ইউনিট ৬৫ হাজার ৩৭২টি, অস্থায়ী ইউনিট ৪ হাজার ৭২৯টি এবং অর্থনৈতিক খানা রয়েছে ৭৫ হাজার ৪০২টি। আর মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে শিল্প ইউনিটের সংখ্যা ২২ হাজার ৬৫১টি এবং সেবা ইউনিটের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৮৫২টি। অর্থাৎ, মোট অর্থনৈতিক ইউনিটের ১৫.৫৭ শতাংশ শিল্প ইউনিট আর সেবা ইউনিট ৮৪.৪৩ শতাংশ।
২০১৩ সালের শুমারিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অর্থনৈতিক ইউনিটের মোট সংখ্যা ছিল ৯৬ হাজার ২৬১টি। বিগত এক দশকে এই জেলায় অর্থনৈতিক ইউনিট প্রায় ৫১.১৫ শতাংশ বেড়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের আধিপত্য স্পষ্ট। মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৪৮ দশমিক ৩৭ শতাংশ মাইক্রো শিল্প এবং ৪৯ দশমিক ২৬ শতাংশ কুটিরশিল্প। মাঝারি ও বৃহৎ শিল্পের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম, যথাক্রমে ০.২ শতাংশ ও ০.০৩ শতাংশ। আর ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ২ দশমিক ৩২ শতাংশ। কর্মসংস্থানের দিক থেকে মাইক্রো শিল্পে সর্বোচ্চ ৪৬ দশমিক ৩৬ শতাংশ মানুষ কর্মরত রয়েছেন।
কর্মসংস্থান সংক্রান্ত তথ্যে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ২ লাখ ৬৫ হাজার ৩৩৪ জন ব্যক্তি অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। এর মধ্যে স্থায়ী অর্থনৈতিক ইউনিটে ১ লাখ ৬৭ হাজার ১৩৪ জন, অস্থায়ী ইউনিটে ৬ হাজার ৩৫৭ জন এবং অর্থনৈতিক খানায় কর্মরত রয়েছেন ৯১ হাজার ৮৪৩ জন। কর্মসংস্থান-সংক্রান্ত তথ্যে আরো দেখা যায়, প্রায় ৬৩.২০ শতাংশ গ্রামীণ এলাকায় এবং ৩৬.৮০ শতাংশ শহরাঞ্চলে কর্মরত। আর মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে শিল্প ইউনিটে কর্মরত লোকের সংখ্যা ৬১ হাজার ৫৫৫ জন এবং সেবা ইউনিটে রয়েছেন ২ লাখ ৩ হাজার ৭৭৯ জন। শতাংশের হিসাবে বললে, ২৩.২০ শতাংশ ব্যক্তি শিল্প ইউনিটে এবং ৭৬.৮০ শতাংশ ব্যক্তি সেবা ইউনিটে কর্মরত রয়েছেন।
মুক্ত আলোচনায় অংশ নেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গানিউল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।
সেমিনারে বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ সম্প্রসারণ এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি জেলার তথ্য বিশ্লেষণের মাধ্যমে পিছিয়ে থাকা অঞ্চলগুলোর উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে। চাঁপাইনবাবগঞ্জের আমসহ অন্যান্য ফল, ভেড়ার লোমসহ অন্যান্য খাতে শিল্পকারখানা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। তারা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও ব্যবসায়িক অংশগ্রহণের পরিধি বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরো সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।
সেমিনারে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়নকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
উপস্থিত অংশীজনরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে এই শুমারির তথ্যকে কাজে লাগিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুষম অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরির আহ্বান জানান।