বুধবার ১৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 14, 2026
October 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন

Published: October 14, 2026 at 01:41 PM
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয়। 

দিনের কর্মসূচির শুরুতেই শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। পরে জেলা শহরের বড় ইন্দারা মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের সামনে থেকে র‌্যালি বের হয়। বর্ণাঢ্য র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালিতে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা, রং বেরংয়ের ব্যানার-ফেস্টুন নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। পরে শহীদ সাটু কমপ্লেক্স মিলনায়তনে মূল অনুষ্ঠানের অয়োজন করা হয়। 

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের পক্ষে সূচনা বক্তব্য দেন এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের ডেপুটি হেড মামুন-অর-রশিদ। তিনি চেয়ারম্যানের লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি ওই বক্তব্যে জানান, নিজস্ব ক্যাম্পাসসহ ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগ চালুর পরিকল্পনা করা হচ্ছে।  

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. জিয়াউল আহসান ক্যাপ্টেন (অব.) বিএন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জিয়াউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কৃষি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রসারে এই বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে মানসম্মত শিক্ষা ও সাফল্যের ধারবাহিকতা বজায় রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। 

আলোচনা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার এইসব কর্মসূচির আয়োজন করে।