খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পোপ চতুর্দশ লিও’র ডান ফুসফুসের নিম্নাংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের পর তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে বলে ভ্যাটিকান জানিয়েছে। গত কাল ১৩ অক্টোবর মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ৯০ মিনিটের একটি অস্ত্রোপচার হয়েছে ৭১ বছর বয়সী পোপের। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় পরীক্ষা করা টিস্যুেত পোপের ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা নিশ্চিত হয়েছে। এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, অপারেশনটি সফল হয়েছে এবং স্বল্প সময়ের পর্যবেক্ষণের পর পোপ তার কক্ষে ফিরে গেছেন।
ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা কী?
ভ্যাটিকান সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি নোডিউল বা ছোট পিণ্ড শনাক্ত হয়। এটি একটি ছোট ক্ষতের মতো, যা বিনাইন অর্থাৎ সাধারণত নিরীহ প্রকৃতির। আমেরিকান থোরাসিক সোসাইটি বলছে, এমন নোডিউল বা পিণ্ড পাঁচ শতাংশেরও কম ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারে রূপ নেয়। যদিও বয়স, নডিউলের আকার এবং ধূমপানের মতো বিষয়ের ওপর নির্ভর করে এর ঝুঁকি বাড়ে। নোডিউলগুলো স্বাভাবিক ফুসফুসের টিস্যুর চেয়ে বেশি ঘন হয় এবং সিটি স্ক্যানে সাদা দাগ হিসেবে দেখা যায়। আমেরিকান থোরাসিক সোসাইটির মতে, একে সাধারণত ‘ছায়া’ বা ‘ফুসফুসের উপর দাগ’ বলা হয়। তবে, পোপ লিও-র অস্ত্রোপচারের সময় পরীক্ষা করা টিস্যুেত নিশ্চিত হওয়া যায় যে, পিণ্ডটি ছিল ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা।
এটি এক ধরনের ক্যান্সার যা ফুসফুসে শ্লেষ্মা উৎপাদনকারী কোষ থেকে শুরু হয়। হলি সি প্রেস অফিস কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে ডাক্তার লুইজি কার্বোন এবং স্টেফানো মার্গারিটোরা বলেছেন, “অস্ত্রোপচারের সময় করা হিস্টোলজিক্যাল পরীক্ষায় ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমার রোগনির্ণয় নিশ্চিত হয়েছে, যা অস্ত্রোপচারের আগে স্বাস্থ্য পরীক্ষার সময় থেকে সন্দেহ করা হয়েছিল।” অ্যাডেনোকার্সিনোমা হলো ফুসফুসের ক্যান্সারের সবচেয়ে সাধারণ রূপ এবং এটি বিশেষ করে তাদের মধ্যে বেশি দেখা যায়-যারা কখনও ধূমপান করেননি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিএস)-এর মতে, অধূমপায়ীদের মধ্যে চিহ্নিত হওয়া ফুসফুসের ক্যান্সারের প্রায় ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ হলো অ্যাডেনোকার্সিনোমা। পোপ লিও ২০২৫ সালের মে মাসে পোপ নির্বাচিত হয়েছেন, যিনি পোপ হিসেবে তুলনামূলকভাবে তরুণ। তিনি টেনিসসহ বিভিন্ন খেলাধুলা উপভোগ করেন এবং তিনি ধূমপান করেন না, অথবা অতীতে কোনো বড় ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন বলে জানা যায় না। সূত্র : বিবিসি বাংলা