চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন জাতের বীজ পাচ্ছেন ১০ হাজার ২৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক| বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এগুলো বিতরণ করা হয়|
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী| উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন|
এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, মমিনুল ইসলাম, মিঠুন কুমার দেবনাথসহ উপকারভোগী কৃষকরা|
উল্লেখ্য, উপজেলার ৮ ইউনিয়ন ও রহনপুর পৌরসভার উপকারভোগী ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য চলতি মৌসুমে রোপা আমন (উফসি), গ্রীষ্মকালীন সবজি, লেবু, বিভিন্ন জাতের গাছের চারা, পেঁয়াজ বীজ (কন্দ) ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ করা হচ্ছে| এর মধ্যে ৩ হাজার কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, তাহেরপুরি পেঁয়াজের কন্দ বীজের জন্য ৪০ জন কৃষককে ২০ শতক জমির জন্য ১৬০ কেজি কন্দ বীজ, ২০ কেজি ডিএপি ও এমওপি সারসহ ১ কেজি বালাইনাশক ও বীজ সংরক্ষণ জন্য একটি পাত্র, গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য ৯৫০ জন কৃষককে ১ বিঘা জমির জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার, পলিথিন ও বালাইনাশক, গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য ১ হাজার ৮০০ জন কৃষককে ১৬০ গ্রাম কলমি শাক, ১৫ গ্রাম লাউ, ৫ গ্রাম চালকুমড়া, ১০০ গ্রাম পুঁইশাক, ৫ গ্রাম বেগুন, ১০ গ্রাম মিষ্টিকুমড়া, ৫ গ্রাম শশার বীজসহ ১৫ কেজি ডিএপি ও এমওপি সার, লেবু চাষের জন্য ২৫ জন কৃষকের ৫টি করে লেবুর চারা ও ৩০ কেজি ˆজব সার, ৪ হাজার ৪৮০ জনকে ১টি করে ফলদ চারা, ৩০ কেজি ˆজব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হবে|