রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 16, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে আবারো এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

Published: June 16, 2026 at 02:43 PM
গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে আবারো এক নারীকে পুশইনের চেষ্টা  বিএসএফের, বিজিবির বাধা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে আবারো এক নারীকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে সেই প্রচেষ্টা রুখে দিয়েছে বিজিবি। পুশইনের চেষ্টা হওয়া ওই নারী এখন সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন। 

এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) পুশইনের কাজে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশীকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ তাদের আটক করে।

আটককৃত ৭ জনই গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা। তারা হলেনÑ দোস্ত মোহাম্মদের ছেলে বাবুল আক্তার (৪০), আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক (৩৮), ওবায়দুল রহমানের ছেলে রয়েল (২৮), কালুমদ্দিনের ছেলে আজম (৩৫), জমসেদ আলীর ছেলে আলম (৩৮), নাইমুলের ছেলে আসমাউল হক (৩৩) ও ধুলুর ছেলে মেসবাহুল হক (৩০)।

১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত পৌনে ১১টার দিকে রোকনপুর বিওপির সদস্যরা ওই সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। সে সময় স্থানীয়রা বিজিবিকে খবর দেয় ভারতীয় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আরকে ওয়াদা ক্যাম্পের সদস্যরা দুই দেশের সীমান্ত পিলার ২২৫/৩ কাছ দিয়ে নৌকাপথে এক নারীকে মাঝির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। ওই খবরে বিজিবি তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। পরে বিওপির সদস্যরা ওই নারীকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান শনাক্ত করে।

লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আরো জানান, বিজিবি ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সতর্ক ও পেশাদারিত্বে সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর বলে তিনি জানান।

বিজিবির বরাত দিয়ে গোমস্তাপুর থানার ওসি নূরে আলম বলেন, সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই নারীকে বাংলাদেশে আসতে সহায়তা করেন ৭ বাংলাদেশী। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা ওই পুশইনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশীকে আটক করে। রাত ৪টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। পরে পুলিশ আরো ৩ জনকে একই অভিযোগে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে একই সীমান্ত দিয়ে নৌকাযোগে নারী-শিশুসহ ১৫ জনকে পুশইনের চেষ্টা করলে, সেটিও বিজিবি প্রতিহত করে। এর আগে গত ৩ জুন রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশইনের চেষ্টা করে বিজিবি। ওই ২৮ জন দুই দিন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থানের পর ফিরিয়ে নেয় বিএসএফ।