বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
June 05, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুর সীমান্তের শূন্যলাইনেই রাত কেটেছে ২৮ জনের

Published: June 05, 2026 at 01:54 PM
গোমস্তাপুর সীমান্তের শূন্যলাইনেই রাত কেটেছে ২৮ জনের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে বিএসএফের পুশইন করা শিশুসহ ২৮ জন মানুষের রাত কেটেছে ভারত সীমান্তের শূন্যলাইনে। বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও বিএসএফ সাড়া দেয়নি।

এর আগে গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)’র অধীনস্থ বাংগাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। এমন সংবাদ পাওয়ার পর বাংগাবাড়ি বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকিয়ে দেয়। এই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। 

শুক্রবার সকালে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ওই ঘটনার প্রেক্ষিতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে বিজিবিকে অবহিত করার আশ্বাস প্রদান করেন। তবে শুক্রবার সকাল পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বর্তমানে ওই ২৮ জন ব্যক্তি শূন্য লাইন হতে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে বলে বিজিবি জানিয়েছে। 

বিজিবি আরো জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সীমান্ত এলাকা সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে। পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।