চাঁপাইনবাবগঞ্জে “গ্রামীণ এলাকা থেকে আম সংগ্রহ, মোড়কীকরণ ও পরিবহানের যথাযথ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএমপিএমএ) আয়োজিত কর্মশালাটির সহযোগিতা করে বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়।
বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত আলী। বিশেষ অতিথি ছিলেন বিএমপিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এগ্রো প্রোডাক্টস্ বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপপরিচালক কাজী মো. আনিসুর রহমান খান, বিএমপিএমএ’র সহ-দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল হক। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম।
কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অংশগ্রহণকারীরা এসব বিষয় মেনে আম চাষের অঙ্গীকার করেন।
কর্মশালায় ৭০ জন আমচাষি ও ব্যবসায়ীসহ এলাকার সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।