চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে| বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী|
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন, অগ্নিনির্বাপক, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়|
শোভাযাত্রাটি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়| পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধা|
প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে— গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম|
এসময় গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সহসম্পাদক আল-মামুন বিশ্বাস, বংপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন|
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহাতাব উদ্দিন মৃধা জানান, ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত থাকবে| তিনি আরো জানান, গতবছরের ১ জানুয়ারি থেকে চলতি বছর ১৯ মে পর্যন্ত ৫২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| যার ক্ষতির পরিমাণ ২৭ লাখ ৬৫ হাজার টাকা| উদ্ধার করা হয় ৮৭ লাখ ৩০ হাজার টাকা| এছাড়া ১৬৭টি দুর্ঘটনায় ১৭০ জন পুরুষ ও ৬০ জন নারীকে উদ্ধার করা হয়| এর মধ্যে ৩ জন মারা যান|
মহাতাব উদ্দিন মৃধা আরো জানান, অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা ছাড়া সকল দুর্যোগে নাগরিক সুরক্ষা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন|