শনিবার ০৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 07, 2026
November 07, 2026
বিনোদন
বিনোদন

হঠাৎ বিয়ের সাজে পারশা

Published: November 07, 2026 at 12:12 PM
হঠাৎ বিয়ের সাজে পারশা

বহুমুখী প্রতিভার অধিকারী পারশা মাহজাবীন পূর্ণী। বছর কয়েক ধরে শোবিজ অঙ্গনে পরিচিতি তার। সংগীতের পাশাপাশি অভিনয়-মডেলিংয়েও প্রায় সমানতালে নিজেকে এগিয়ে নিয়েছেন। সামাজিক মাধ্যমে রয়েছে তার আলাদা ভক্তকূল। তাদের মাঝে নিজের নানা মত প্রকাশ করে থাকেন পূর্ণী। তবে এবার এমন একটি ছবি প্রকাশ করেছেন, যা দেখে নেটিজেনদের একাংশের চোখ আটকালেও পরে বিষয়টি স্পষ্ট হয়। ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল দেখা গেছে পূর্ণীর ভক্তদের মাঝে। যদিও তিনি ‘সম্পর্কে আছেন’ বলে জানিয়ে দিয়েছেন অনেক আগেই। এবার তার এক পোস্টে পূর্ণীকে দেখা মিলল বিয়ের সাজে, সঙ্গে বর! ছবিটি প্রকাশের সঙ্গে একটি বার্তাও দিয়েছেন পূর্ণী; যদিও সেটি রসিকতার ভাষায়। লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’ নেটিজেনরা ছবিটি আগেভাগে দেখে কিছুটা চমকে গেলেও পূর্ণীর ক্যাপশনে স্পষ্ট হয় অনেক কিছুই। রসিকতার উদ্দেশ্যেই এমন পোস্ট তার! ভক্ত-নেটিজেনরাও মন্তব্য ঘরে রসিকতা করেন। আর ছবিটি আসল কী না, তা উল্লেখ করেননি পূর্ণী। ছবিটি এআই দিয়ে তৈরি, অনুমান ভক্তদের। যদিও ছবিটি বিভ্রান্তি তৈরি করেনি পূর্ণীর ভক্তদের মাঝে; তার মতো করে নেটিজেনরাও তার এই নকল বিয়ের ছবি ও বর নিয়ে মজা করছেন। ২০২৪ সালে ‘লাভ লাইন’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন পারশা মাহজাবীন পূর্ণী। পরবর্তীতে ২০২৫ সালে জাহিদ প্রীতম পরিচালিত চরকি ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’-তে উষা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন; একই পরিচালকের ‘এক গুচ্ছ কদম’ নামের নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেন। এছাড়াও তিনি ২০২৬ সালের চলচ্চিত্র ‘ডোম’-এর সাউন্ডট্র্যাকে প্লেব্যাক গায়িকা হিসেবেও যুক্ত ছিলেন।