চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জলাহারে ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় বাস্তবায়িত মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে এ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে প্রকল্পের আওতাভুক্ত ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপশন গ্রুপের (সিসিএজি) সদস্য এবং ভার্মি কম্পোস্ট অনুদানপ্রাপ্ত কৃষকদের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন অতিথিরা। এ সময় তারা সুবিধাভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং খরা সহনশীল কৃষিপ্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— পিকেএসএফের সাধারণ পর্ষদের সদস্য মো. জিয়াউর রহমান, ব্যবস্থাপক (সিআরআরইউ) ও ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের সমন্বয়কারী ফজলে হোসাইন এবং সহকারী প্রকল্প সমন্বয়কারী মো. সামিউল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, প্রকল্পের সমন্বয়কারী বকুল কুমার ঘোষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ধরনের কার্যক্রমের মাধ্যমে খরাপ্রবণ এলাকার কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খরা সহনশীল কৃষিপ্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি চর্চায় উৎসাহিত করার উদ্যোগ নেয়া হচ্ছে।