চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি নেই। প্রতিদিন হাসপাতালগুলোয় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জায়গা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি হাসপাতালের পরিসংখ্যানে ৪ জন থাকলেও মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন কেউ না কেউ। এমন অবস্থায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আনাচে-কানাচে ঝোপঝাড় অপসারণ করতে বলে গেছেন জেলার দায়িত্বপ্রাপ্ত সরকারি দলীয় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হওয়ায় ৪৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং বতর্মানে হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ৩১ জন পুরুষ ও ২৫ জন নারীসহ ৫৬ জনকে জেলা হাসপাতালে, ১ জন নারী রোগীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন পুরুষ রোগীকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জন পুরুষ রোগীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ৪০ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনসহ মোট ৪৪ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশুসহ ৬ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৪৮ জন পুরুষ ও ৪৪ জন নারীসহ ৯২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন পুরুষ ও ২ জন নারীসহ ৮ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন পুরুষ ও ২ জন নারীসহ ১৩ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২ হাজার ৭৯৫ জন, শিবগঞ্জে ১৭৩ জন, গোমস্তাপুরে ১৪৫ জন, নাচোলে ৯১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৬ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৩১০ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ১১০ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সমেয় ১৮৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।