চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেছেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। তারাই দেশের নেতৃত্ব দেবে। কাজেই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মানুষ হেসেবে গড়ে উঠতে হবে।
বুধবার চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ, আত্মহত্যা, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ, সাইবার সুরক্ষা, ট্রাফিক আইন মেনে চলা ও অন্যান্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশ আয়োজিত বিশেষ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, মাদক সকল অপরাধের মূল। কাজেই মাদক নির্মূলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ জাতি গঠন সম্ভব। তাছাড়া বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং শিশুর সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের কারণ। ১৮ বছরের নিচে মেয়ে এবং ২১ বছরের নিচে ছেলের বিবাহ আইনত নিষিদ্ধ। বাল্যবিবাহের ফলে শিক্ষা ব্যাহত হয়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং পারিবারিক কলহ সৃষ্টি হয়। এ বিষয়ে সচেতন থাকতে এবং এমন ঘটনা দেখলে ৯৯৯ বা নিকটস্থ থানায় জানাতে শিক্ষার্থীদের পরামর্শ দেন পুলিশ সুপার।
তিনি আরো বলেন, জীবন অমূল্য, কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়, বেঁচে থাকার নামই জীবন। পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ, ইভটিজিং বা মানসিক কষ্ট থেকে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেয়া যাবে না। মন খারাপ বা হতাশা লাগলে পরিবার, শিক্ষক, বন্ধু অথবা পুলিশের সাথে কথা বলতে হবে। মনে রাখতে হবে, আত্মহত্যা কোনো সমাধান নয়।
সাইবার সুরক্ষা বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা ও ডিজিটাল প্রতারণা থেকে রক্ষার কৌশল সম্পর্কে ধারণা প্রদান করেন।
গৌতম কুমার বিশ্বাস বলেন, ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগন্যাল ইত্যাদির ব্যবহার এবং সড়কে চলাচলের আইনানুগ বাধ্যবাধকতার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব এবং অন্যকেও নিরাপদ রাখব।
কর্মশালায় শিক্ষার্থীদেরকে ‘সততা স্টোর’ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই ধারণার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ জীবনে সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
এছাড়াও কর্মশালায় ধূমপান, যৌতুক, ব্যাড টাচ, প্রতারণা, সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীরাও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরেন।
পরবর্তীতে কুইজ টেস্টের মাধ্যমে সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
‘আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব-সচেতন নাগরিক হবো’— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় সহকারী পুলিশ সুপার (প্রবি.) জিয়াউর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সফিকুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরসহ অন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।