‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার জেলা প্রশাসন ও বিআরটিএ এসব কর্মসূচির আয়োজন করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন— জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. দানিউল হক, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলুর রহমান, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, নিরাপদ সড়ক চাই’র জেলা কমিটির সহসভাপতি ফারুকা বেগম।
আলোচনা সভায় জেলা বিআরটিএ’র পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ১০ মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ৩১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ জন এবং আহত হয়েছেন ২০ জন।
এদিকে পেশাদার গাড়ি চালকদের সচেতন করতে একই সময়ে ৭টি ব্যাচে ২৬৮ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন স্কুল-কলেজের ১ হাজার ১৮৮ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন— আমাদের বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে সবাইকে চলাচল করতে হবে। এজন্য ট্রাফিক আইন মেনে চলতে হবে। গাড়ি চালক, জনসাধারণকে সচেতন করতে হবে। তাহলে সড়ক দুর্ঘটনা কমে আসবে। এসময় তিনি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হবার পর নিরাপদ সড়ক চাই আন্দোলনের কথা, শিক্ষার্থীদের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেন।
কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ. গাড়ি চালকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে চারজনকে শ্রেষ্ঠ চলকের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।