চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দুস্থ অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহিণীদের মাঝে এককালীন ১৫ জনকে ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান ও এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিল থেকে চেক ও বিশেষ অনুদান হিসেবে ৩২ জন শিক্ষার্থীকে ৪০ হাজার টাকা দেয়া হয়েছে। সোমবার সকালে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে এসব অনুদান তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিজানুর রহমান বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষগুলো কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, উপজেলা নায়েবে আমির রফিকুল ইসলাম, আদিবাসী অ্যাকাডেমির সভাপতি শ্রী বিধান সিংসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে বেলা ১টার দিকে নাচোল উপজেলা সরকারি টেকনিক্যাল কলেজের ১০ জন মেধাবী শিক্ষার্থী ইতালি ও জাপান যাওয়ার সুযোগ পাওয়া তাদের সংবর্ধনা এবং নাচোল উপজেলার বিভিন্ন ক্যাটাগরির ৩০টি ক্লাবকে ফুটবল দেন এমপি মিজানুর রহমান।