‘শিক্ষকদের পাশে দাঁড়াই, পেশা সুরক্ষার ৬০ বছর : মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার শিক্ষকদের সম্মান জানাতে আয়োজন করা হয় নানা কর্মসূচি।
নিজস্ব প্রতিবেদক : সোমবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। আলোচনায় অংশ নেন— উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুজ্জামান, রাজারামপুর এহইয়া উস সুন্নাত সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মোমিন, মোহাম্মদপুর দাখিল মাদরাসার সুপার মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার উপাধ্যক্ষ আবু সালেহ, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক তন্দ্রা খাতুন, কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম, আলিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী, রেহাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোজাম্মেল হক জামিল, চরজোতপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিনসহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম।
বক্তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার পেছনে শিক্ষকগণের অবদানের কথা তুলে ধরেন এবং শিক্ষকদের প্রতি সম্মান জানানোর জন্য সকলের কাছে আহ্বান জানান।
নাচোল প্রতিনিধি : জেলার নাচোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ ড. মু. মিজানুর রহমান বলেন, “একটি আদর্শ ও সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকতার পেশাগত মর্যাদা রক্ষা ও তাদের উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।”
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে তাদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও পেশাগত সুযোগ-সুবিধার বিষয়গুলো তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া, ইউএইচএফপিও ডা. ফারহানা নবী, অধ্যক্ষ ওবাইদুর রহমান এবং প্রধান শিক্ষক তাজামুল হক ও আব্দুর রহিমসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
আলোচনা সভা শেষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান ও অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ ৫ জন গুণী শিক্ষককে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
শুরুতে বর্ণাঢ্য র্যালি বের হয়।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা যায়।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। এতে বক্তব্য দেন— উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইছাহাক আলী, রহনপুর পিএম আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা আক্তার, শিক্ষক একরামুল হক, এনামুল হকসহ অন্যরা।
এছাড়া শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলাতেও দিবসটি পালিত হয়। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।