সোমবার ০৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 05, 2026
October 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

আলাতুলিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Published: October 05, 2026 at 01:42 PM
আলাতুলিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে  ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর বিলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলমের ছেলে।

আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও স্থানীয়রা জানান, দুই দিন আগে নানাবাড়ি বেড়াতে আলাতুলি ইউনিয়নের রানীনগর বিলকান্দি গ্রামে আসে আব্দুর রহমান। সোমবার সকালে সবার অগোচরে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে যায় সে। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।