চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে বাঙ্গাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বাঙ্গাবাড়ী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই সংগঠনের সভাপতি মো. মোস্তাকিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন— রাজশাহী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. রবিউল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. গোলাম সাদেক, বাঙ্গাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, সাপাহার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম রেজা, এডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সুমন, রহনপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, নাচোল বাইলকাপাড়া মাদরাসার সহকারী শিক্ষক গোলাম কবির ও বাঙ্গাবাড়ী উন্নয়ন ফাউন্ডেশনের সম্পাদক আল মামুন সাদ্দামসহ অন্যরা।
অনুষ্ঠানে পঞ্চম, অষ্টম ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ ২৭ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া মেধা তালিকায় স্থান পাওয়া আরো ১৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।