‘বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার বিকেলে জেলাশহরের নিমতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাতেন খাঁর মোড়ে পথসভায় মিলিত হয়।
কর্মসূচিতে জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ও সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল ও সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানসহ অন্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতা কর্মীরা কঠোর ভূমিকা পালন করবে এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা ও দেন।
কর্মসূচিতে জেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।