চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিরোধপূর্ণ জমিতে ধান রোপণকে কেন্দ্র করে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন|
রবিবার দুপুরে বাঙ্গাবাড়ি ইউনিয়নের চড়ইল বিল এলাকায় এই ঘটনা ঘটে| আহত ১৮ জনের মধ্যে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে| অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন| সংঘর্ষের পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে| পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানিয়েছেন|
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে বাঙ্গাবাড়ি ও আলিনগর ইউনিয়নের অনেক কৃষক ওই এলাকার ৭০ বিঘা জমি চাষাবাদ করে আসছিলেন| রবিবার সকালে তারা ওই জমিতে ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষরা বাধা দেন| এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়| পরে সংঘর্ষ হয়| সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৮ আহত হন| আহতরা হলেন ফজলুর রহমান (৫৫), কামরুজ্জামান (৭০), তাজামুল হক জেম (৫৫), বজলুর রহমান (৬০), আব্দুল লতিফ (৬৫), দেল সাদ (৫০), আব্দুর রহিম (৪৭), জামিলা বেগম (৫০), জাহিনা বেগম (৫৫), খতিজা (৫৫), মনিরুল ইসরাম (৫৫), বজলুর রহমান (৬২),মাহাদি হোসেন (২৩), ওয়াসিম বাবু (২০), রফিকুল ইসলাম (৩৮), তাইজুদ্দিন (৬৬),সাইফুল (৫৬), শহিদুল (৪২)| এদের মধ্যে গুরুতর ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকরা|
এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে| এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে গোমস্তাপুর থানা পুলিশ|
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল জানান, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে| খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে|
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, জমি সংক্রান্ত জের ধরে এ ঘটনার সূত্রপাত| উভয়পক্ষের অনেকজন আহত হয়েছেন বলে তিনি জানান| ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে| তবে এই ঘটনায় গোমস্তাপুর থানায় উভয়পক্ষ লিখিত কোনো অভিযোগ করেননি| অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বল জানান ওসি|