চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল- গোমস্তাপুর- ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নাচোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, মতবিনিময় এবং একাধিক ইউনিয়নে সাধারণ জনগণের সাথে সৌজন্য ও উন্নয়নমূলক পথসভায় অংশগ্রহণ করে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন|
রবিবার তিনি কসবা ইউনিয়নের সোনাইচন্ডী কলেজ, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়, সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সব্দলপুর দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন| এ সময় তিনি প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির (এমপিও/ম্যানেজিং কমিটি) সদস্যদের সাথে শিক্ষার মানোন্নয়ন এবং ভৌত অবকাঠামোগত সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন|
পরিদর্শনকালে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড.মু. মিজানুর রহমান বলেন, “একটি সমৃদ্ধ সমাজ ও জাতি গঠনে মান সম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই| শিক্ষার গুণগত মান ত্বরান্বিত করতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধি—আমাদের সকলকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে|”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনাইচন্ডী কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী ও সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান এবং সব্দলপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হক|
সংসদ সদস্যের এই সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী এবং সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন|
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পর সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান নেজামপুর ইউনিয়ন সফর করেন| তিনি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকার হাটবাকইল বাজার, বরেন্দা গ্রাম, লক্ষ্মীপুর গ্রাম এবং নেজামপুর বাজার এলাকায় স্থানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময় সভায় মিলিত হন| এসব সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামোগত সমস্যার কথা শোনেন এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন|