চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নেজামপুর রেলস্টেশন প্ল্যাটফর্ম এলাকার একটি ঝোপঝাড়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রেললাইনের পাশের ঝোপের মধ্যে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ সরকার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিক সুরতহালে নিহতের গলা ও পিঠে আঁচড়ের দাগ পাওয়া গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ সরকার জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় খোঁজার চেষ্টা চলছে। যদি কোনো স্বজন বা পরিচয়ের সন্ধান পাওয়া যায়, তবে আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। আর যদি পরিচয় না মেলে, তবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফন সম্পন্ন করা হবে।