চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানসহ ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত শনিবার সন্ধ্যার পর থেকে সদর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আহাদ, মোসা. শারমিন, শ্রী লক্ষন হালদার, আহসান হাবিব, মো. তাসলিমুল সুলতান ওরফে তন্ময়, মো. আসিফ ইকবাল তামিম, মো. শাহাজাহান সিরাজ ও মো. জুনাইদ ওরফে ইমন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জনকে ২ লিটার চোলা মদসহ গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অন্য ৭ জনের মধ্যে ২ জনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং ৫ জনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শনিবারের অভিযানেও নেতৃত্ব দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ ও অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোহাম্মদ আব্দুর রউফ তালুকদারসহ অন্যরা।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।