বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
September 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার

Published: September 23, 2026 at 02:14 PM
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টার মধ্যে ১১ মাস বয়সী শিশু নাফিজকে উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

উদ্ধার হওয়া শিশু নাফিজ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মো. রুবেল হোসেনের (২৮) ছেলে। 

বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। 

তিনি আরো জানান, গত ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে শিশু নাফিজ ঘুমিয়েছিল। এসময় বাড়ির কাজ করছিলেন রুবেল হোসেনের স্ত্রী নিপা খাতুন। পরে ঘরে গিয়ে দেখতে পান শিশু নাফিজ ঘরে নেই। এর একপর্যায়ে রুবেলের প্রতিবন্ধী ভাতিজি মোসা. শিরিন খাতুনের নিকট রুবেলের স্ত্রী জানতে পারেন নাফিজকে নিয়ে হাজারবিঘি বাজারে শিরিন কেক কিনতে গিয়েছিল। পথে হাজারবিঘি চাঁদপুর ওয়াক্তিয়া মসজিদের সামনে অজ্ঞাতনামা একজন বোরকা পরা মহিলা বাদীর ছেলে নাফিজকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়।

পুলিশ সুপার বলেন, এরপর অপহৃত শিশুটিকে উদ্ধারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই সৌরভ কুমার দত্ত তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ শুরু করেন। এর একপর্যায়ে ২২ সেপ্টেম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি হাজারবিঘি চাঁদপুর গ্রামের মো. মানিকুজ্জামানের স্ত্রী মোসা. সুজিআরা বেগম (৩৫)কে গ্রেপ্তার করেন। সুজিআরা বেগমকে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্য মোতাবেক এবং তার দেখানো মতে একই দিন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. মানিকুজ্জামান (৩২)কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে শিশু নাফিজকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার মানিকুজ্জামান হাজারবিঘি চাঁদপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।  

পুলিশ সুপার বলেন— প্রাথমিক তদন্তে জানা গেছে, যে মহিলা শিশুটি অপহরণ করেছিলেন তিনি রুবেলের আত্মীয়ও হন। তার কোনো সন্তান নেই। শিশু নাফিজকে নিজের সন্তান হিসেবে লালন-পালন করার জন্য হয়তো অপহরণ করে থাকতে পারেন।