চাঁপাইনবাবগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি— ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক, বাল্যবিয়ে, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধ সৃষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস ‘গভর্ন্যান্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম-জিপিএমএস’ কর্মপরিকল্পনার আওতায় এই সমাবেশের আয়োজন করে।
জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের সভাকক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফ্যামিলি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসা. সাহিদা আখতার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।
সমাবেশে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, নারী নির্যাতন ও কন্যাশিশুর প্রতি বৈষম্য রোধ, বৃক্ষরোপণ, পলিথিন বর্জন, শিশুদের মোবাইলের অপব্যবহার প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ গঠন, সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
সমাবেশে নারী-পুরুষসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।