চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আক্রান্তের হার কমানো যাচ্ছে না। জেলার গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এমন অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসন, জেলার পৌরসভাগুলো ডেঙ্গু নিধনে জোরেশোরে মাঠে নেমেছে। তবু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রতিদিন আক্রান্ত হচ্ছে মানুষ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন জটিল রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ২৫ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। অন্যদিকে ২৩ জন সাধারণ রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
একই সময়ে জেলা হাসপাতাল থেকে ২৪ জন, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন করে ৩ জনসহ মোট ২৭ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ২ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফলে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে। তাদের মধ্যে পুরুষ ৪৬ জন ও নারী ২৫ জন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৫ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের।