মাদক ব্যবসার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
গ্রেপ্তার হওয়া জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া-মালবাগডাঙ্গার আমির আলীর ছেলে। তার বর্তমান ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুর মহল্লা। তিনি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
পুলিশ সুপার জানান, একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত জুয়েল রানাকে যাবজ্জীন কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তারে কাজ শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একটি দল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় জুয়েলকে গ্রেপ্তার করে।
এদিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার হওয়া জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মাদক ব্যবসায়ীদের তালিকায় থাকা ২ নম্বর ব্যক্তি।