বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
June 02, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনি প্রাণ গেল এক ব্যক্তির : জিজ্ঞাসাবাদের জন্য তিনজন আটক

Published: June 02, 2026 at 02:15 PM
ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনি  প্রাণ গেল এক ব্যক্তির : জিজ্ঞাসাবাদের জন্য তিনজন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী হাটখোলাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই বস্তি এলাকার মৃত নুরুন্নবীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী লতিফন বেগমকে নিয়ে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামে শ^শুরবাড়িতে বসবাস করছিলেন। 

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী গ্রামে এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা হচ্ছে বলে টের পায়। এসময় বাড়ির লোকজন গরু চোর সন্দেহে ফিরোজ আলীকে আটক করে। তাদের চিৎকারে গ্রামের উত্তেজিত লোকজন ফিরোজ আলীকে গণপিটুনি দেয়। তার অবস্থা খারাপ হওয়ায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ফিরোজ আলীর মৃত্যু হয়। ভোলাহাট থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেন। 

ওসি আরো জানান, এ ঘটনায় বাড়ির মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি আরো জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।