সোমবার ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 01, 2026
June 01, 2026
বিনোদন
বিনোদন

শাকিব খানের রকস্টার থেকে মাসুদ রানা, ঈদের সিনেমায় মিশ্র প্রতিক্রিয়া

Published: June 01, 2026 at 10:35 AM
শাকিব খানের রকস্টার থেকে মাসুদ রানা, ঈদের সিনেমায় মিশ্র প্রতিক্রিয়া

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা| রকস্টার, মালিক, রইদ, বনলতা সেন, মাসুদ রানা, তছনছ, অফিসার ও পিনিক| হল থেকে বেরিয়ে দর্শকরা যতটা প্রশংসা করছেন, ততটাই সমালোচনাও করছেন| বক্স অফিসে এগিয়ে রকস্টার হলেও গল্প ও চিত্রনাট্য নিয়ে ছবিগুলো নিয়ে মিশ্র আলোচনা চলছে|


বরাবরের মতো এবারও আলোচনার কেন্দ্রে শাকিব খানের রকস্টার| সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে ১০৩টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি| বক্স অফিস মনিটরিং প্ল্যাটফর্ম বিএমআরের তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে ১১টি মাল্টিপ্লেক্সে ৮১টি শো চলেছে, যার মধ্যে ৩২টি ছিল হাউজফুল| তৃতীয় দিনে আয় ৫১ লাখ ৪০ হাজার টাকা, তিন দিনে মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকায়| এর মাধ্যমে চলতি বছরে ষষ্ঠ বাংলা সিনেমা হিসেবে এক কোটির ক্লাবে প্রবেশ করল ছবিটি|


তবে টিকিট বিক্রিতে এগিয়ে থাকলেও রকস্টার নিয়ে দর্শকের অসন্তুষ্টিও কম নয়| আগুন নামের এক রকস্টারের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে শাকিবের অভিনয়ের প্রশংসা করলেও চিত্রনাট্য ও গল্পের অসামঞ্জস্যতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে| কেউ কেউ এটিকে সরাসরি টেলিফিল্ম বলেও মন্তব্য করেছেন| মিউজিক্যাল ফিল্ম হিসেবে উপস্থাপন করা হলেও কোনো গান এখন পর্যন্ত দর্শকের মনে দাগ কাটতে পারেনি| নায়কের অতিরিক্ত মাদক গ্রহণের দৃশ্য নিয়েও অ¯^স্তি জানিয়েছেন একটি বড় অংশ| পরিচালক আজমান রুশো অবশ্য আশাবাদী| তার মতে, রকস্টার ধীরে ধীরে মানুষের মন জয় করবে এবং এই ধরনের সিনেমার সাফল্য ইন্ডাস্ট্রিতে নতুন পরীক্ষা-নিরীক্ষার সাহস জোগাবে|


বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেজবাউর রহমান সুমনের রইদ| তৃতীয় দিনে তিনটি মাল্টিপ্লেক্সে ২২টি শো চলেছে, যার মধ্যে ৭টি হাউজফুল| তৃতীয় দিনের আয় ১৫ লাখ ৫০ হাজার টাকা, তিন দিনে মোট ৩৬ লাখ ৯২ হাজার টাকা| মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষির অভিনয় এবং সিনেমার ভিজ্যুয়াল দারুণ প্রশংসা পাচ্ছে| কিন্তু গল্পটি সাধারণ দর্শকের কাছে বোধগম্য হচ্ছে না বলে অভিযোগ উঠছে, অনেকে বলছেন পুরো সিনেমা মাথার ওপর দিয়ে গেছে|


একই ধরনের মন্তব্য পাওয়া যাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন নিয়েও| জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি শুধু সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে| তৃতীয় দিনে ১১টি শো থেকে আয় ৭ লাখ ১৫ হাজার টাকা, তিন দিনে মোট ১৬ লাখ ৬৫ হাজার টাকা| চারটি শো হাউজফুল হওয়া বনলতা সেন তুলনামূলক কম শো নিয়েও ভালো সাড়া পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা|


আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত মালিক তৃতীয় দিনে ১৬টি শো থেকে আয় করেছে ৬ লাখ ৪৭ হাজার টাকা, তিন দিনে প্রায় ১৫ লাখ টাকা| দীর্ঘদিন পর শুভকে অ্যাকশনে দেখে দর্শক উচ্ছ্বসিত হলেও পরিচালক সাইফ চন্দন অ্যাকশনে মনোযোগ দিতে গিয়ে গল্প ঠিক রাখতে পারেননি বলে অভিযোগ রয়েছে|


কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার অবল¤^নে নির্মিত মাসুদ রানা সামাজিক মাধ্যমে আলোচনায় থাকলেও মাল্টিপ্লেক্সে সেই আগ্রহ দেখা যায়নি| তৃতীয় দিনে ৭টি শো থেকে আয় মাত্র ২ লাখ ৮৭ হাজার টাকা, তিন দিনে মোট ৬ লাখ ২৩ হাজার টাকা| গল্পের অসামঞ্জস্যতা ও দুর্বল এআই ব্যবহার নিয়ে ট্রলের শিকার হচ্ছে ছবিটি| পিনিক তৃতীয় দিনে ৫টি শো থেকে মাত্র ৬৭ হাজার ৪০০ টাকা আয় করেছে, তিন দিনে মোট ১ লাখ ৬৯ হাজার টাকা| আর অফিসারের অবস্থা সবচেয়ে কঠিন, তৃতীয় দিনে মাত্র একটি শো চলেছে যেখানে দর্শক ছিলেন প্রায় ৩০ জন, তিন দিনে মোট আয় ৫০ হাজার ৮০০ টাকা|


প্রচার নিয়েও এবার বিতর্ক কম নয়| পিনিকের প্রযোজক আশরাফ কিটু ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান অভিনয়শিল্পী আদর আজাদ ও শবনম বুবলীর অনুপস্থিতি নিয়ে| তার মতে, প্রচারে না আসাটা সিনেমার সঙ্গে একধরনের প্রতারণা| মাসুদ রানার নায়িকা পূজা চেরীও প্রচারে আসেননি, প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন কারণটা তিনি নিজেও জানেন না| অফিসারের নায়িকা মাহিয়া মাহি আছেন দেশের বাইরে, তছনছের ইয়ামিন হক ববি দেশে থেকেও প্রচারে আসেননি, তার বিরুদ্ধে সংগঠনে অভিযোগ করার ঘোষণা দিয়েছেন প্রযোজক ও নায়ক মুন্না খান| রকস্টারে শাকিব খানকেও হল ভিজিটে দেখা যাচ্ছে না, তবে পরিচালক জানিয়েছেন শিগগিরই দর্শকদের সঙ্গে ছবি উপভোগ করবেন তিনি|


সব মিলিয়ে এবারের ঈদে সিনেমাগুলো ব্যবসায়িকভাবে কতটা সফল হবে তা এখনই বলা মুশকিল| তবে রকস্টার স্পষ্টতই এগিয়ে, আর বাকিরা টিকে থাকার লড়াই করছে|