চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ বিভিন্ন মালামাল জব্দ জব্দ করেছে ৫৯ বিজিবি| চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চালানো এই অভিযানে ১৪টি ভারতীয় শাড়ি, ১৬৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারি আইটেম এবং ৪ কেজি জিরা জব্দ করা হয়|
গত শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি এই তথ্য জানিয়েছে|
বিজিবি আরো জানায়, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে অভিযান চালায়| গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় শাড়ি, ১৬৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারী আইটেম এবং ৪ কেজি জিরা জব্দ করা হয়, যার আনুমানিক দাম দুই লক্ষাধিক টাকা|
এ ব্যাপারে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন| তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|