তৌফিকুল ইসলাম তৌফিক
একটি জেলার নাম শুধু মানচিত্রের ওপর লেখা কয়েকটি শব্দ নয়। একটি জেলার নামের সঙ্গে জড়িয়ে থাকে তার ইতিহাস, ঐতিহ্য, আত্মপরিচয়, সংস্কৃতি ও মানুষের আবেগ। সেই জেলার সরকারি নাম যখন পরিবর্তন করা হয়, তখন রাষ্ট্রের প্রতিটি দপ্তর ও প্রতিষ্ঠানের দায়িত্ব হলো, সেই স্বীকৃত নাম যথাযথভাবে ব্যবহার করা। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্ষেত্রে একটি প্রশ্ন দীর্ঘদিন ধরেই সামনে আসছে— জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ হলেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কিছু নিবন্ধন-সংশ্লিষ্ট পরিচিতি ও ব্যবস্থাপনায় এখনো ‘নওয়াবগঞ্জ’ নামটি ব্যবহৃত হচ্ছে কেন?
এটি কোনো ব্যক্তিগত অভিযোগ নয়, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিরোধ সৃষ্টি করার প্রচেষ্টাও নয়। এটি একটি যৌক্তিক নাগরিক প্রশ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চাই, জেলার রিবর্তনের সরকারি সিদ্ধান্তের পরও পুরোনো নাম ব্যবহারের পেছনে কি কোনো প্রশাসনিক জটিলতা রয়েছে? এটি কি পুরোনো ডাটাবেজের সমস্যা, সফটওয়্যার হালনাগাদ না হওয়ার ফল, নাকি যানবাহন নিবন্ধনের দীর্ঘদিনের কোনো কোড বা রেকর্ড ব্যবস্থাপনার সঙ্গে বিষয়টি সম্পর্কিত? যদি বাস্তব কোনো কারণ থাকে, সেটি জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন। আর যদি সংশোধনের সুযোগ থাকে, তাহলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে বিলম্ব কেন?

নাম পরিবর্তনের পেছনে রয়েছে ইতিহাস ও জনআকাঙ্ক্ষা
চাঁপাইনবাবগঞ্জের নামকরণের ইতিহাস বেশ সমৃদ্ধ। সরকারি জেলা প্রশাসনের প্রকাশিত ইতিহাস অনুযায়ী, এ অঞ্চল একসময় ‘নবাবগঞ্জ’ নামে পরিচিত ছিল। প্রাক-ব্রিটিশ আমলে অঞ্চলটি মুর্শিদাবাদের নবাবদের শিকার ও বিহারভূমি হিসেবে পরিচিত ছিল বলে স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে। নবাবদের আগমন, শিকার এবং তাদের অবস্থানকে কেন্দ্র করে ‘নবাবগঞ্জ’ নামটির প্রচলন ঘটে বলে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়।
নবাবগঞ্জের সঙ্গে ‘চাঁপাই’ নামটি যুক্ত হওয়ার পেছনেও রয়েছে স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি। সরকারি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নবাবগঞ্জের ডাকঘর চাঁপাই গ্রামে অবস্থিত ছিল। ১৯২৫ সালে সরকারি কাজের সুবিধার্থে ডাকঘরটি নবাবগঞ্জ শহরে স্থানান্তর করা হলে তার নাম রাখা হয় চাঁপাইনবাবগঞ্জ। সেই সময় থেকে নবাবগঞ্জ শহর চাঁপাইনবাবগঞ্জ নামে পরিচিতি লাভ করতে থাকে।
অর্থাৎ ‘চাঁপাইনবাবগঞ্জ’ নামটি হঠাৎ করে তৈরি হওয়া কোনো নাম নয়। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের ভৌগোলিক, সামাজিক ও প্রশাসনিক পরিচিতি। একসময় ডাকঘরের নামের মাধ্যমে যে পরিচিতি বিস্তার লাভ করেছিল, তা পরবর্তী সময়ে জনপদের পরিচয়ের সঙ্গে মিশে যায়।
১৯৪৭ সালে ভারত বিভাগের পর নবাবগঞ্জ ও এর আশপাশের কয়েকটি থানা তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজশাহী জেলার অন্তর্ভুক্ত হয়। ১৯৪৮ সালের ১ নভেম্বর নবাবগঞ্জকে কেন্দ্র করে একটি নতুন মহকুমা গঠিত হয়। পরবর্তী সময়ে প্রশাসনিক পুনর্গঠনের ধারাবাহিকতায় ১৯৮৪ সালের ১ মার্চ নবাবগঞ্জ মহকুমাকে জেলায় উন্নীত করা হয়।
তখন জেলার নাম ছিল নবাবগঞ্জ। কিন্তু স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ও জনআকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে ২০০১ সালের ১ আগস্ট সরকারিভাবে জেলার নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। জেলা প্রশাসনের সরকারি ইতিহাসেও এই তারিখ উল্লেখ রয়েছে।
এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। ২০০১ সালের ১ আগস্টে নাম পরিবর্তন কোনো বেসরকারি উদ্যোগ, স্থানীয় প্রচারণা কিংবা সাময়িক সামাজিক সিদ্ধান্ত ছিল না। এটি ছিল সরকারের গৃহীত প্রশাসনিক সিদ্ধান্ত। ফলে ওই সিদ্ধান্তের পর জেলার সরকারি পরিচয় হিসেবে ‘চাঁপাইনবাবগঞ্জ’ নামটিই প্রতিষ্ঠিত হয়। আজ জেলা প্রশাসন, জেলা পরিষদ, বিচার বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি তথ্য বাতায়নে চাঁপাইনবাবগঞ্জ নাম ব্যবহৃত হচ্ছে। জেলার পরিচিতি, উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক যোগাযোগ ও সরকারি সেবায় এই নামই স্বীকৃত। তাহলে অন্য কোনো রাষ্ট্রীয় সেবাব্যবস্থায় পুরোনো নাম থেকে যাওয়ার কারণ কি— এ প্রশ্নের উত্তর পাওয়া নাগরিকদের অধিকার।
বিআরটিএর নাম ব্যবহারে প্রশ্নটি কেন গুরুত্বপূর্ণ?
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ দেশের মোটরযান নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রুট পারমিট এবং যানবাহন-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পরিচালনা করে। প্রতিদিন অসংখ্য নাগরিক এই প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করেন। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের নিবন্ধন ও কাগজপত্রের সঙ্গে বিআরটিএর পরিচিতি সরাসরি যুক্ত।
একটি যানবাহনের নম্বর প্লেট কেবল একটি শনাক্তকরণ নম্বর নয়। এর মাধ্যমে নিবন্ধনকারী কর্তৃপক্ষের এলাকা বা সার্কেলের পরিচিতিও প্রকাশ পায়। ফলে সেখানে ব্যবহৃত জেলার নাম বা স্থাননির্দেশক পরিচিতি মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
চাঁপাইনবাবগঞ্জের নাগরিকদের প্রশ্নের জায়গাটি এখানেই। জেলার নাম পরিবর্তনের এত বছর পরও যদি বিআরটিএ’র কোনো নথি, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, নিবন্ধন রেকর্ড কিংবা প্রদর্শিত পরিচিতিতে ‘নওয়াবগঞ্জ’ ব্যবহৃত হয়, তাহলে সেটি কেন হচ্ছে তা জানা প্রয়োজন।
আমরা জানি, সরকারি প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থা সবসময় একদিনে পরিবর্তন করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে পুরোনো তথ্য সংরক্ষণ, সফটওয়্যার হালনাগাদ, তথ্য স্থানান্তর, কোড পরিবর্তন, নথির ধারাবাহিকতা রক্ষা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হয়। কোনো কোনো ক্ষেত্রে পুরোনো রেকর্ড অপরিবর্তিত রাখার যৌক্তিকতাও থাকতে পারে। কিন্তু এসব কারণের কোনটি এখানে প্রযোজ্য, তা অনুমানের ভিত্তিতে বলা ঠিক হবে না।
এখানে দুটি বিষয় আলাদা করে দেখা জরুরি। প্রথমত, পুরোনো সময়ে নিবন্ধিত কোনো যানবাহনের নম্বর প্লেটে বা মূল নিবন্ধন নথিতে পূর্ববর্তী নাম কিংবা পরিচিতি থাকা।
দ্বিতীয়ত, বর্তমানে নতুন নিবন্ধন, নতুন ডিজিটাল রেকর্ড, অনলাইন সেবা কিংবা দাপ্তরিক কার্যক্রমে পুরোনো নাম ব্যবহার করা।
এই দুই বিষয় এক নয়। পুরোনো নিবন্ধনের ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজন থাকতে পারে। কিন্তু বর্তমান প্রশাসনিক পরিচয় হালনাগাদ করার ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুসরণ করা উচিত। তাই কোথায় পুরোনো নামটি ঐতিহাসিক রেকর্ড হিসেবে রাখা হয়েছে আর কোথায় বর্তমান পরিচিতি হিসেবে ব্যবহার হচ্ছে, তা আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।
২০০১ সালের সিদ্ধান্তের পর প্রশাসনিক দায়বদ্ধতা
একটি জেলার নাম পরিবর্তনের পর সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সেই পরিবর্তন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা, তথ্য হালনাগাদ এবং দাপ্তরিক সমন্বয় প্রয়োজন হয়। সব প্রতিষ্ঠানে একই সময়ে পরিবর্তন কার্যকর না হলে কোথাও কোথাও পুরোনো নাম থেকে যেতে পারে। কিন্তু দীর্ঘ সময় পরও এমন অসামঞ্জস্য থাকলে সেটি পর্যালোচনা করা জরুরি।
চাঁপাইনবাবগঞ্জের ক্ষেত্রে ২০০১ সালের ১ আগস্ট নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের পর এরই মধ্যে প্রায় ২৫ বছর অতিক্রান্ত হয়েছে। এত দীর্ঘ সময়ের পরও যদি বিআরটিএ’র কোনো কার্যক্রমে পুরোনো জেলার নাম ব্যবহৃত হতে থাকে, তাহলে বিষয়টি আর উপেক্ষা করার সুযোগ নেই।
প্রশ্ন হচ্ছে, নাম পরিবর্তনের পর সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল কিনা? বিআরটিএ’র কেন্দ্রীয় ডাটাবেজে জেলার নাম পরিবর্তন করা হয়েছে কিনা? রাজশাহী বিভাগীয় কার্যালয় এবং চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের তথ্যব্যবস্থায় একই নাম ব্যবহার হচ্ছে কিনা? নতুন যানবাহন নিবন্ধনের ক্ষেত্রে কোন পরিচিতি অনুসরণ করা হচ্ছে? এসব প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দিতে পারবেন।
আমরা চাই না, কোনো প্রমাণ ছাড়া বিআরটিএ’র ওপর দায়িত্বহীনতার অভিযোগ চাপিয়ে দেওয়া হোক। আবার এ কথাও মেনে নেয়া যায় না যে, দীর্ঘদিন ধরে একটি সরকারি সিদ্ধান্তের যথাযথ প্রতিফলন না থাকলেও বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না।
সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবার জন্য। তাই তাদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং সময়োপযোগী তথ্য ব্যবস্থাপনা থাকা অপরিহার্য। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো বিরোধ নয়, একটি যৌক্তিক ব্যাখ্যা ও প্রয়োজনীয় সংশোধন প্রত্যাশা করি।
আমাদের জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ। রাষ্ট্রীয় পরিচয়েও সেই নামের যথাযথ প্রতিফলন চাই। এটি কোনো ব্যক্তিগত দাবি নয়; এটি একটি জেলার মানুষের আত্মপরিচয় ও সরকারি স্বীকৃতির প্রশ্ন।
তৌফিকুল ইসলাম তৌফিক : প্রাবন্ধিক, কলাম লেখক ও সম্পাদক, স্বর্ণালী সাহিত্য পরিষদ