চাঁপাইনবাবগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কৃষি দিবস-২০২৬ উদ্যাপন করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, কৃষিসামগ্রী প্রদর্শন, খাবারের স্টল ও ধান কাটা কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালিটি ক্যাম্পাসের সামনে থেকে বের হয়।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম তার বক্তব্যে, কৃষির গুরুত্ব, কৃষকের অবদান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষির আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরনে। বক্তব্য শেষে কৃষিসামগ্রী প্রদর্শন ও খাবারের স্টলের উদ্বোধন করেন তিনি।
পরে ধান কাটা কর্মসূচির মাধ্যমে কৃষির সঙ্গে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সম্পৃক্ততা ও কৃষিকাজের প্রতি আগ্রহ সৃষ্টির উদ্যোগ নেয়া হয়।
জাতীয় কৃষি দিবসের এ আয়োজনের মাধ্যমে কৃষির গুরুত্ব ও কৃষকের অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষির উন্নয়নে তরণ প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।