মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মাদক প্রতিরোধ ও যুবসমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার

Published: November 16, 2026 at 01:15 PM
মাদক প্রতিরোধ ও যুবসমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে মাদক প্রতিরোধে যুবসমাজকে সম্পৃক্ত করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ‘মাদক প্রতিরোধ ও যুবসমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুক আফজাল রাজন।

সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ এডাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে। 

এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন— সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াছিন আলী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, সিসিডিবি চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার পিটার সরকার।

সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, মাদক আমদের দেশের প্রতিটি কোণায় কোণায় লুকিয়ে আছে। আর এই অবৈধ মাদক গ্রহণের সাথে জড়িয়ে আছে অধিকাংশ তরুণ। এটি সারা বিশ্বেই সমস্যা। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও যুবসমাজকে রক্ষা করতে হলে সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তিনি আরো বলেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে হলে প্রতিটি পরিবারকে আগে সচেতন হতে হবে এবং নিজেদের সন্তানদের চলাফেরা ও তাদের বন্ধু-বান্ধব সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। এছাড়া মাদকাসক্তির কুফল ও মাদকদ্রব্যের ক্ষতিকর দিকগুলো নিয়ে বিভিন্ন মিডিয়াসহ অন্য গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রচার করতে হবে।

সেমিনারে বক্তারা মুক্ত আলোচনায় মাদক প্রতিরোধে যুবসমাজকে সম্পৃক্ত করা ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বরোপ করেন। 

সবশেষে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।