চাঁপাইনবাবগঞ্জে একদিনে নতুন করে আরো ৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো একজন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে।
এর আগের দিন ভর্তি ছিল ১১৫ জন ডেঙ্গু রোগী। নতুন করে আক্রান্তদের মধ্যে জেলা হাসপাতালে ৪৩ জন, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ৪২ জন সাধারণ রোগীকে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
মারা যাওয়া রোগী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চান্দলাই মহল্লার আরিফুলের স্ত্রী ফেরদৌসী বেগম (৩০)।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন— গত ২৭ সেপ্টেম্বর বেলা সোয়া ১১টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর রাত ৩টা ৫৫ মিনিটে তিনি মারা যান।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন ৪৫ জন রোগীর মধ্যে ২৫ জন পুরুষ ও ২০ জন নারী রয়েছেন।
একই সময়ে জেলা হাসপাতাল থেকে ২৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন ও ভোলাহাট উপজেলা কমপ্লেক্স থেকে ২ জনসহ ৩৫ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে।
অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনসহ মোট ৪ জন রোগীকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
ফলে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী ১০৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪ জন রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে পুরুষ ৬০ জন, নারী ৬১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫৫ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২ জনের।