চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ডেঙ্গু মশা নিধন ও তার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ, মাইকিং, র্যালি, আলোচনা সভা করার পরও জনসাধারণ সচেতন না হওয়ায় অনেকের বাড়ির ছাদে কিংবা অন্য কোথায় জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এমন অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়ায় ২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ডেঙ্গু শুধু শহরে নয়, বস্তি নয়, ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জেও। এমন পরিস্থিতিতে ডেঙ্গু মশা নিধনসহ তার প্রজনন স্থান ধ্বংস করা জরুরি হয়ে পড়েছে। এমন অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসন, পৌরসভাগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণও করা হচ্ছে। তবুও ডেঙ্গুর প্রকোপ কমানো যাচ্ছে না।
বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসন গঠিত ডেঙ্গু প্রতিরোধ কমিটির টিম লিডার, পৌরসভার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সাংবাদিক, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও স্কাউটস সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টিম লিডার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে ২ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া ও ওয়ালটন মোড় এলাকায় টিম-২ এর বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। অভিযান চলাকালীন ওই এলাকার ৯ থেকে ১০টি স্থানে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হয়।
এসময় অভিযানের অংশ হিসেবে পূর্ব পাঠানপাড়ার দুটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। মশার বংশবিস্তার রোধে অবহেলার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই বাড়ির মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে একটিতে ১ হাজার টাকা ও ১টিতে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল।
এছাড়া টিম-৩ বৃধবার বিকেলে জেলা প্রশাসকের বাসভবন, সার্কিট হাউস, নিয়মতনগর এলাকায় অভিযান পরিচালনা করে। টিম লিডার পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবের নেৃতত্বে চলা অভিযানে একটি নার্সারিতে ফুলের টবে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ধ্বংস করা হয়।
অন্যান্য টিমও বিভিন্ন ওয়ার্ডে অভিযান পরিচলনার করে।