চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচে পুঁতে রাখা ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরশিয়া গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে মো. এহুর (৪৭) বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামজুড়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এ ঘটনা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরশিয়া গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে মো. এহুর বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ছিল অন্তত ১৫ থেকে ২০টি ককটেল। ককটেলগুলো একযোগে বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।
ককটেলগুলো কী কারণে সেখানে মজুত করা হয়েছিল এবং বিস্ফোরণের কারণ কী, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে জানান ওয়াসিম ফিরোজ।
মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে বিকেলে সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আব্দুর রউফ তালুকদার বলেন, গরুর খাবার রাখার একটি ঘরের মাটির নিচে ককটেলগুলো পুঁতে রাখা হয়েছিল। যে কারণেই হোক, ককটেলগুলোর বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর বাড়ির লোকজন সবাই পালিয়ে যাওয়ায় কাউকেই পাওয়া যায়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।