চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনের লক্ষে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’ অনুষ্ঠিত হচ্ছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে পরিচালিত গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারিজ (জিপিইসিএম-৩) প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালন করা হচ্ছে।
বুধবার সকালে জেলাশহরের ঐতিবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় এই সচেতনতামূলক সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা আনিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট গীতিকার, নাট্যকার, কলামিস্ট এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের শিক্ষক মো. জোনাব আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাল্যবিবাহ একটি শিশুর মৌলিক অধিকার, শিক্ষা এবং ভবিষ্যৎ স্বপ্নের অকালমৃত্যু ঘটায়। সমাজ থেকে এই কুপ্রথা পুরোপুরি নির্মূল করতে হলে শিক্ষক, অভিভাবক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সচেতনতা তৈরি করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো. মনিরুল ইসলাম। তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে সমাজ সচেতনতায় আলেম সমাজের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।
অন্যদিকে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও লেখক সামসুল ইসলাম টুকু, টাউন হাই স্কুল জামে মসজিদের সভাপতি আব্দুস সাত্তার, মসজিদটির ইমাম মহসিন উদ্দিন, অভিভাবক আবু বাকের, সুধীজন আব্দুল্লাহ হেল কাফি, বিদ্যালয়টির শিক্ষক সিনিয়র শিক্ষক নাসরিন খাতুন, রেবেকা সুলতানাসহ অন্যরা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আবু ওবায়দা ও প্রিয়াংকা হালদার। সভা সঞ্চলনা করেন নিলুফার ইয়াছমিন।
বক্তারা বাল্যবিয়ের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রতিরোধ পরিবারসহ সমাজের সকল শ্রেণীর মানুষকে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
পলশা উচ্চ বিদ্যালয়ে অনুরূপ সভা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।