চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কর্মব্যস্ত দিন পার করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
সোমবার সকাল ১০টার দিকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার পরিদর্শন করেন এবং ভর্তি রোগী ও কর্তব্যরত চিকিৎসক-নার্সদের সাথে মতবিনিময় করেন।
এসময় নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শাহাদাত হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আতিক মাহমুদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নাচোল পৌরসভায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে পৌরসভার সমস্যা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান সীমিত জনবল ও সম্পদ দিয়ে সর্বোত্তম নাগরিক সেবা প্রদানের আহ্বান জানান।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মোবারক হোসেন, পৌর আমির মনিরুল ইসলাম, নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব, হিসাবরক্ষক সোহেল রানা, স্যানেটারি ইন্সপেক্টর আব্দুর রহিমসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিকেল ৩টার দিকে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
নাচোল উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক বিভাগে গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অন্যদিকে বালিকা বিভাগে নাসিরাবাদ দুলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ১-০ গোলে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও টুর্নামেন্টের সদস্য সচিব মজনু মিয়া।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- নাচোল উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমির মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের টুর্নামেন্ট থেকেই আগামী দিনের দক্ষ ফুটবলার উঠে আসবে, যারা দেশের নাম উজ্জ্বল করবে।’
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।