সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে গত বুধবার সম্পন্ন হয়েছে। গত ১৬ অক্টোবর শুরু হয়ে পূজার আনুষ্ঠানিকতা চলে বুধবার রাত পর্যন্ত। এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬৪টি মণ্ডপে অনুষ্ঠিত হয় শারীয দুর্গোৎসব। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় পূজা সম্পন্ন হওয়ায় জেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন পৃুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
জেলা পুলিশের ফেসবুক পোস্টে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পূজাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী পুলিশ, বিজিবি, এসআরবি, আনসার ভিডিপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।