চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তিনজনকে আটক করা হয়েছে। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়।
৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার দিবাগত রাত ২টার দিকে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০/এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের ভেতরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারী গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে টহল দল ৩৪ পুরিয়া হেরোইন ও ৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন— উপজেলার চাঁনশিকারী গ্রামের মো. আনারুল হকের ছেলে মো. শরিফুল ইসলাম মোশারফ (৩২), আলালপুর গ্রামের কছিম উদ্দিনের ছেলে আশরাফুল হক সানাউল (৩৩) ও চাঁনশিকারী গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. আমির (২৬)।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম আরো বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।