চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের সময় মো. ইসমাইল নামের এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৮ বস্তা টিএসপি সার জব্দ করে কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। শুক্রবার দুপুর ২ টায় উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুরে এই আদালাত পরিচলনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ। প্রসিকিউশন করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. হাসান আতিকুর রহমান।
হাসান আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, বৈধ ক্রয় রশিদ ছাড়া অবৈধভাবে ১৮ বস্তা টিএসপি সার পরিবহন করার সময় মো. ইসমাইল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় ওই ১৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে ১৮ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়।