চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলার আম ব্যবসায়ী সংগঠনের নেতারা। একই সঙ্গে রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসি পাড়া (শান্তিপাড়া) এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং অবৈধ বস্তি উচ্ছেদের দাবি জানানো হয়। শুক্রবার সকালে রহনপুর রেলস্টেশন আমবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ‘মাদক,ছিনতাই ও অনৈতিক কার্যকলাপ বিরোধী কমিটি ও রহনপুর পৌরসভার সর্বস্তরের জনগণ’ এর ব্যনারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আম ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবু। বক্তব্যে তিনি আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি কেডিসি পাড়া এলাকায় মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, তারিক আহমদ ও আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম রেজা ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, রহনপুর আমচাষি সমিতির সহসভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব, ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ, আম ব্যবসায়ী আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান হবি, আম আড়তদার বহুমুখী সমিতির সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আরিফ রেজাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
প্রসঙ্গত; গত মঙ্গলবার রাতে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে কেডিসি পাড়া এলাকায় আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন আম ব্যবসায়ী আহত হন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ি ক্ষতিগ্রস্ত করে।