মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 24, 2026
November 24, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে ১১ জন নিহত

Published: November 24, 2026 at 01:55 PM
আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে ১১ জন নিহত

এফএনএস বিশ্ব : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাশ আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির রাশ আল খাইমাহর আল ওয়াতান সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দুর্ঘটনাটি ঠিক কোন সময়ে ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এছাড়া এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি। মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট জরুরি উদ্ধারকারী বিভিন্ন দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও জরুরি তৎপরতা শুরু করা হয়েছে। দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিবার, স্বজনদের প্রতি শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস বলেছে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া এই দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, সেই তথ্যও জানায়নি মন্ত্রণালয়।

এই দুর্ঘটনার মাত্র ১২ দিন আগে দেশটির ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জনের প্রাণহানি ও ৩০ জন আহত হন। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বলেছে, গত ১২ নভেম্বর শেখ খলিফা বিন জায়েদ সড়কে (ই৮৪) পরপর দুটি দুর্ঘটনা ঘটেছিল। প্রথমটিতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অন্য একটি যানবাহনের সংঘর্ষ হয়। আর অপর দুর্ঘটনায় দুটি শিপিং কনটেইনার বহনকারী একটি ট্রাক উল্টে যাওয়ার আগে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস।