মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 24, 2026
November 24, 2026
জাতীয়
জাতীয়

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

Published: November 24, 2026 at 01:52 PM
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা  তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।

তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের মঙ্গলবার এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরো সুদৃঢ় করবে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরো কার্যকর হবে।

এর আগে বেলাসাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে।

এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। 

প্রধানমন্ত্রী নিজেই সাঁজোয়া যান চালান বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত ৮ কিলোমিটার এটিভি ভেহিকল মডেলের (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) সেনা যান চালিয়ে আসেন। এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান ছিলেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী ৮ কিলোমিটার পথ অতিক্রম করে দুই পাশে তিন বাহিনী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এক ভেন্যু থেকে অন্য ভেনুতে যেতে প্রধানমন্ত্রীকে এই ৮ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এ সময় ধানের ক্ষেতের পাশ দিয়ে কাঁদামাটির আঁকাবাঁকা পথে গাড়িটি ধীরে ধীরে চলতে দেখা গেছে।

স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

১৯৭৮ সালে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা দিগন্ত বিস্তৃত ‘স্বর্ণদ্বীপ’ (ভূতপূর্ব জাহাজ্জার চর)।

নোয়াখালী জেলার মূল ভূখণ্ড থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই দ্বীপটি উত্তর-দক্ষিণে ২৮ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত। এই দ্বীপটি প্রথম থেকেই দেশের স্বাভাবিক নিরাপত্তা বলয়ের বাইরে ছিল, যা কালের পরিক্রমায় জলদস্যু এবং ডাকাতদের অভয়ারণ্য হয়ে ওঠে।

২০১৩ সালের ১৪ মার্চ সেনাসদরের নির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশন কর্তৃক পরিচালিত সাঁড়াশি অভিযানের মাধ্যমে জলদস্যু ও ডাকাতদের সম্পূর্ণ নির্মূল করে চরটির নিরাপত্তা নিশ্চিত করা হয়।

অভিযানে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০১ পদাতিক ব্রিগেডের ১০ ই বেঙ্গল, ৫৬ ই বেঙ্গল এবং ৬ বীর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ডাকাতদের আস্তানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। একই দিনে স্বর্ণদ্বীপে সেনা মোতায়েন করা হয়, যা অদ্যবধি চলমান রয়েছে।

এরপর প্রাথমিকভাবে ২০১৩ সালের ১৫ আগস্ট এবং পরবর্তীতে ওই বছরের ১৪ নভেম্বর ভূমি মন্ত্রণালয় কর্তৃক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বীপটিকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এপ্রিল থেকে নভেম্বর এই ৮ মাস স্বর্ণদ্বীপ জলমগ্ন ও কর্দমাক্ত থাকে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পানির স্তর নিচে নেমে যাওয়ায় দ্বীপটি যান চলাচল ও অন্যান্য কাজের জন্য উপযুক্ত হয়ে ওঠে। বর্তমানে স্বর্ণদ্বীপকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি আদর্শ প্রশিক্ষণ এলাকা হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও স্বর্ণদ্বীপে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে গবাদিপশু পালন, দুগ্ধ খামার স্থাপন, বনায়ন, উন্নত পদ্ধতিতে শস্য উৎপাদন, মৎস্য পালন, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এরই মধ্যে স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিসিসিটি’র যৌথ উদ্যোগে তিনটি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে।