মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 24, 2026
November 24, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

মালয়েশিয়ার হাজার হাজার শরণার্থী মিয়ানমারে ফেরত পাঠাবে

Published: November 24, 2026 at 01:54 PM
মালয়েশিয়ার হাজার হাজার শরণার্থী মিয়ানমারে ফেরত পাঠাবে

হাজার হাজার অভিবাসী ও শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া। অথচ তারা নিজেরাই স্বীকার করেছে যে, দেশটিতে আশ্রয় নেওয়া অনেক মানুষই নেপিদোতে ক্ষমতাসীন জান্তার চালানো ‘নৃশংসতার’ স্বীকার হয়েছেন। মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর রায় দেওয়ার কয়েক দিনের মধ্যেই এই ঘোষণা এল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার বলেছেন, এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শ অনুযায়ীই করা হচ্ছে—যেখানে নিপীড়নের হাত থেকে পালিয়ে আসা ব্যক্তিদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন’ নিশ্চিত করার কথা বলা হয়েছে।মিয়ানমারের জনগণের অধিকার সমুন্নত রাখার নীতি থেকে তার দেশ সরে আসেনি। জাতিসংঘ আগেই সতর্ক করেছে যে, মিয়ানমারে ফেরত পাঠানো অভিবাসীদের জন্য সেই প্রত্যাবর্তন অত্যন্ত বিপজ্জনক হতে পারে। যাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা—যারা একটি মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী—তা স্পষ্ট নয়। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় অবস্থানরত ১ লাখ ৯০ হাজার মিয়ানমারি শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। ২০১৭ সালে মিয়ানমারে সামরিক বাহিনীর নৃশংস অভিযানের সময় অনেক রোহিঙ্গা পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছিল। আনোয়ার স্বীকার করেছেন, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ব্যক্তিদের অনেকেই ‘মিয়ানমার সরকারের চালানো নৃশংসতার স্বীকার।’ তবে তিনি জানান, শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো সক্ষমতা এখন আর মালয়েশিয়ার নেই। তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের যে আশা করা হয়েছিল, তা সফল হয়নি। মালয়েশিয়ায় অনেকেই দেশটিতে শরণার্থীদের উপস্থিতি নিয়ে ক্রমশ হতাশ হয়ে পড়েছেন। তাদের মতে, শরণার্থীদের আশ্রয় দেওয়াটা এখন একটি আর্থিক বোঝা ও নিরাপত্তার ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে দেশটিতে অভিবাসীবিরোধী মনোভাবও বাড়ছে। মঙ্গলবার আনোয়ার মালয়েশিয়ার সংসদে জানিয়েছেন, ডিসেম্বরে তিনটি নৌযানের মাধ্যমে ১ হাজার ৫০০ জনকে ফিরিয়ে নেওয়া হবে এবং মিয়ানমার সরকারের খরচে আরও ৫ হাজার ৩০৩ জনকে বিমানে করে ফেরত পাঠানো হবে।