চাঁপাইনবাবগঞ্জে ৯২ টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রংয়ের গান পাউডার সদৃশ বস্তু, ২ টি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আম বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে। তবে এঘটনা কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এসআরবি আরো জানায় এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিজপোজাল ইউনিটের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আম বাগানে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রংয়ের গান পাউডার সদৃশ পাউডার, ২ টি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।
এসআরবি আরো জানায়, ধারণা করা হচ্ছে, এসব ককটেলসহ অন্যান্য আলামত দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীরা সংরক্ষণ করে রেখেছিল।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও এসআরবি জানায়।