শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 16, 2026
October 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

Published: October 15, 2026 at 01:05 PM
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি, আলোচনা ও সাদাছড়ি বিতরণের মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে। 

“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”— এ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এসব কর্মসূচির আয়োজন করে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে প্রথমে র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ। দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল ধরনের প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। 

বিশেষ অতিথির বক্তব্য দেন— জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন, দৃষ্টিপ্রতিবন্ধী মো. আব্দুস সবুরসহ অন্যরা। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরিয়তুল্লাহ। সভা সঞ্চালনা করেন, সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজি.) মো. ফিরোজ কবির। 

শেষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়।