মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
August 10, 2026
নাচোল
নাচোল

ফ্যামিলি কার্ডের নিয়োগ ঘিরে অনিয়মের অভিযোগ : ইউএনওর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে তালা দিল বিক্ষোভকারীরা

Published: August 10, 2026 at 01:47 PM
ফ্যামিলি কার্ডের নিয়োগ ঘিরে অনিয়মের অভিযোগ : ইউএনওর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে  তালা দিল বিক্ষোভকারীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে ওঠেছে উপজেলা পরিষদ চত্বর। বিতর্কিত ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন অকৃতকার্য প্রার্থী এবং স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

একপর্যায়ে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেন।

সোমবার সকাল ১০টার দিকে নাচোল উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এতে করে প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ ব্যাহত হয় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর সোমবার সকাল থেকেই অকৃতকার্য প্রার্থী ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী উপজেলা চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। 

বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় চরম স্বজনপ্রীতি, অনিয়ম ও আর্থিক লেনদেন করা হয়েছে। যোগ্য ও প্রকৃত মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কিংবা রাজনৈতিক বিবেচনায় বিতর্কিতদের উত্তীর্ণ করার অভিযোগ তোলেন তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুল হোদা এবং যুবদলের সাধারণ সম্পাদক আজীমসহ স্থানীয় বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “সরকারি এ কার্যক্রমে স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুলসংখ্যক পক্ষপাতদুষ্ট ফ্যাসিবাদী আওয়ামী সমর্থিত প্রার্থীকে উত্তীর্ণ দেখানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিতর্কিত নিয়োগ কমিটির সদস্যদের অপসারণ, অবিলম্বে প্রকাশিত ফলাফল বাতিল এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত যোগ্যদের অন্তর্ভুক্ত করতে হবে।” দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দেন তারা।

প্রতিবাদের একপর্যায়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা উপজেলা পরিষদের প্রধান ফটকসহ বিভিন্ন অফিসে তালা ঝুলিয়ে দেন। বেলা আড়াইটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সবকটি দপ্তরের কার্যক্রম বন্ধ রয়েছে এবং কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে অবস্থান করতে দেখা যায়নি।

অন্যদিকে, সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী। তিনি বলেন, “সরকারি সকল নীতি-সংক্রান্ত বিধিবিধান ও স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ করা হয়েছে। বিক্ষোভকারীরা যেভাবে কর্মকর্তাদের বের করে দিয়ে অফিসে তালা দিয়েছেন, তা আইনসম্মত বা সঠিক কাজ হয়নি। পুরো বিষয়টি একটি ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছে।”  

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের প্রশাসনিক এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি রেখেছে।