রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে লাহোর ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু খেলাপি ঋণ ২০ শতাংশে নামিয়ে আনতে বহুমুখী উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের সরকারের লক্ষ্য ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ও কানাডা রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস প্রতিপক্ষের মুখে বল ছুড়ে হলুদ কার্ড পেলেন মেসি নিউক্যাসলের দুই গোলের ধাক্কা সামলে পয়েন্ট পেল আর্সেনাল টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের ক্যারিয়ারের শুরুতে কাজের অনিশ্চয়তায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন রাধিকা আপ্তে
Printed on: November 22, 2026
November 22, 2026
বিনোদন
বিনোদন

ক্যারিয়ারের শুরুতে কাজের অনিশ্চয়তায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন রাধিকা আপ্তে

Published: November 22, 2026 at 11:28 AM
ক্যারিয়ারের শুরুতে কাজের অনিশ্চয়তায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন রাধিকা আপ্তে

বলিউডে প্রায় দুই দশকের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন রাধিকা আপ্তে। ‘বদলাপুর’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘অন্ধা ধুন’, ‘স্যাক্রেড গেমস’ ও ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমা ও সিরিজে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। সম্প্রতি নেটফ্লিক্সের নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’য় দেখা গেছে এই অভিনেত্রীকে।

নতুন সিরিজের প্রচারণার অংশ হিসেবে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা, কাজ হারানোর ভয় এবং মাতৃত্ব নিয়ে কথা বলেছেন রাধিকা। তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কায় অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে রাজি হতেন। এমনকি কাজ ধরে রাখার জন্য বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই মানসিকতা বদলেছে তার। এখন কোনো কাজ পছন্দ না হলে প্রত্যাখ্যান করতে পারেন। নিজের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও শিখেছেন তিনি।

অতীতের সেই অভিজ্ঞতা সম্পর্কে রাধিকা বলেন, ‘আমার সেই ক্ষুধা এখন আর নেই। তবে এটা ভালোই হয়েছে। কারণ, এই তাড়নায় এমন অনেক কাজ করেছি, যা এখন আর করতে চাই না। এখন কোনো কাজকে সহজেই না বলতে পারি।’

অভিনয়ের প্রতি আগ্রহ এখনো আগের মতোই রয়েছে বলে জানান অভিনেত্রী। তবে কাজ পাওয়ার জন্য আগের মতো অস্থিরতা অনুভব করেন না তিনি। তার মতে, অভিনয়জগতে কাজের নিশ্চয়তা নেই। আজ কাজ থাকলেও আগামীকাল কী হবে, তা কেউ জানেন না। এর পাশাপাশি নিজেকে সবসময় প্রাসঙ্গিক রাখার চাপও রয়েছে।

কোনো কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর সেটি সফল হলে সুযোগ হারানোর আক্ষেপ তাকে ভাবাত। এই অনিশ্চয়তার কারণেই একসময় সহজে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারতেন না রাধিকা।

মাতৃত্বের অভিজ্ঞতাও তার জীবন ও পেশাগত সিদ্ধান্তে বড় পরিবর্তন এনেছে। আগে মনে করতেন, মা হওয়ার পরও আগের মতো কাজ চালিয়ে যেতে পারবেন। সন্তান জন্মের মাত্র এক সপ্তাহের মধ্যে কাজে ফেরার পরিকল্পনাও ছিল তার। কিন্তু বাস্তব অভিজ্ঞতা সেই ধারণা বদলে দিয়েছে।

রাধিকার উপলব্ধি, আবার সেই সময় ফিরে পেলে অথবা দ্বিতীয়বার মা হলে তিনি কাজ থেকে কিছুদিন বিরতি নিতেন। কারণ, সন্তানের বেড়ে ওঠার সময় খুব দ্রুত চলে যায়। একই সঙ্গে সন্তান ও পেশাগত দায়িত্ব সামলাতে গিয়ে শারীরিক এবং মানসিকভাবে অনেক চাপের মুখে পড়তে হয়।

নতুন সিরিজ ‘আক্কা’য় দুই শক্তিশালী নারীর ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। বাস্তব জীবনে কখন নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে হয়, এমন প্রশ্নে রাধিকা জানান, নিজের পক্ষে কথা বলতে পারা এবং প্রয়োজনের সময় ‘না’ বলতে পারাই তার কাছে শক্তির বড় প্রকাশ। তবে জীবনের সব ক্ষেত্রে তিনি এমন অবস্থান নিতে পারেননি।

অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্যের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পরে বাড়িতে ফিরে অস্বস্তিতে ভুগেছেন, এমনকি রাতে ঘুমাতেও পারেননি। সেই মুহূর্তগুলোতে নিজেকে দুর্বল মনে হয়েছে বলে জানান অভিনেত্রী।

রাধিকার মতে, নিজের হয়ে কথা বলার সাহস অর্জন করা সহজ নয়। তবে একবার সেই সাহস তৈরি হলে নিজের ভেতরেই অন্য রকম আত্মবিশ্বাস জন্ম নেয়।

বাস্তব জীবনে সহিংসতার বিরোধী রাধিকা পর্দায়ও সহিংস দৃশ্য দেখতে স্বচ্ছন্দ নন। তবে ‘আক্কা’ সিরিজে গ্যাংস্টারদের ক্ষমতার দ্বন্দ্ব, সংঘাত ও সহিংসতা গল্পের অংশ হিসেবে উঠে এসেছে। তার মতে, এসব দৃশ্য দর্শককে চমকে দেওয়ার জন্য নয়, বরং গল্পের প্রয়োজনেই রাখা হয়েছে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটি উত্তরাধিকার ও ক্ষমতার লড়াইয়ের গল্প। সেই ক্ষমতা ও উত্তরাধিকার রক্ষা করতেই সংঘাতের জন্ম।’

নতুন সিরিজে নিজের চরিত্র নিয়েও উচ্ছ্বসিত রাধিকা। চরিত্রটি তার কাছে আকর্ষণীয় ও স্টাইলিশ। একই সঙ্গে এই ধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করেননি বলেও জানান তিনি।