রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে লাহোর ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু খেলাপি ঋণ ২০ শতাংশে নামিয়ে আনতে বহুমুখী উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের সরকারের লক্ষ্য ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ও কানাডা রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস প্রতিপক্ষের মুখে বল ছুড়ে হলুদ কার্ড পেলেন মেসি নিউক্যাসলের দুই গোলের ধাক্কা সামলে পয়েন্ট পেল আর্সেনাল টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের ক্যারিয়ারের শুরুতে কাজের অনিশ্চয়তায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন রাধিকা আপ্তে
Printed on: November 22, 2026
November 22, 2026
বিনোদন
বিনোদন

তারকাদের রসায়ন ও গল্পের চমকে জনপ্রিয় ৮ পাকিস্তানি নাটক

Published: November 22, 2026 at 11:25 AM
তারকাদের রসায়ন ও গল্পের চমকে জনপ্রিয় ৮ পাকিস্তানি নাটক

টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পাকিস্তানি নাটক এখন বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশেও এসব নাটকের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। অভিনয়শিল্পীদের আকর্ষণীয় উপস্থিতি, সম্পর্কের টানাপোড়েন, আবেগ এবং গল্পের বৈচিত্র্য পাকিস্তানি ধারাবাহিকগুলোকে দর্শকদের কাছে আলাদা জায়গা করে দিয়েছে। ২০২৬ সালেও বেশ কিছু নাটক নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা হয়েছে। তারকাদের জুটি, গল্পের বাঁক, আবেগঘন মুহূর্ত ও নাটকীয় সমাপ্তির কারণে আলোচনায় থাকা তেমন আটটি ধারাবাহিক তুলে ধরা হলো।

১. মেরি জিন্দেগি হ্যায় তু

হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের প্রথম একসঙ্গে অভিনয় দর্শকদের আগ্রহের অন্যতম কারণ হয়ে উঠেছে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। ধারাবাহিকটিতে ডা. আয়রা চরিত্রে অভিনয় করেছেন হানিয়া আমির। অন্যদিকে কামিয়ারের চরিত্রে রয়েছেন বিলাল আব্বাস খান। পর্দায় তাদের রসায়ন শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। তবে নাটকের গল্পের বিভিন্ন দিক নিয়ে দর্শকদের মধ্যে সমালোচনাও রয়েছে।

২. কেস নম্বর ৯

‘কেস নম্বর ৯’ দিয়ে নাটকের চিত্রনাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন জিও নিউজের উপস্থাপক শাহজেব খানজাদা। ধর্ষণ ও ন্যায়বিচার পাওয়ার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত এই ধারাবাহিকের মূল চরিত্র সেহর মোয়াজ্জাম। চরিত্রটিতে অভিনয় করেছেন সাবা কামার। তিনি একজন সৃজনশীল পরিচালক, যিনি নিজের প্রতিষ্ঠানের প্রভাবশালী এক কর্মকর্তার যৌন নিপীড়নের শিকার হন।

অভিযুক্ত কামরানের চরিত্রে অভিনয় করেছেন ফয়সাল কোরেশি। ধারাবাহিকটির শেষ পর্বে সেহরের মামলার রায় তুলে ধরা হয়েছে। গল্পের বিষয়বস্তু ও সমাপ্তি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

৩. এইক অর পাকিজা

অনলাইনে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে কাউকে বিপদে ফেলার মতো সাইবার অপরাধের বিষয়টি উঠে এসেছে ‘এইক অর পাকিজা’ ধারাবাহিকের গল্পে। এতে পাকিজা চরিত্রে অভিনয় করেছেন সেহর খান। গল্পে তিনি একজন নবীন আইনজীবী। তার সঙ্গে প্রকৌশলী ফারাজের একটি ভিডিও অস্ত্রের মুখে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনার পর দুই পরিবারের প্রতিক্রিয়া, সামাজিক চাপ এবং নারী ও পুরুষ ভুক্তভোগীদের প্রতি সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে ধারাবাহিকটিতে। ফারাজ চরিত্রে অভিনয় করেছেন নামির খান।

৪. ডক্টর বহু

বিয়ের পর স্বামীর পরিবারের হাসপাতালকেন্দ্রিক নানা জটিলতার মধ্যে পড়ে চিকিৎসক সানিয়ার জীবন। এই চরিত্রে অভিনয় করেছেন কুবরা খান। তার স্বামী সালমানের ভুমিকায় রয়েছেন শুজা আসাদ।

মেহরিন জব্বারের পরিচালনায় নির্মিত ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন সানাম মেহদি জারিয়াব। ২০১৯ সালের পর এটি মেহরিন জব্বারের প্রথম পূর্ণদৈর্ঘ্য ধারাবাহিক। নাটকটির আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে সাবা হামিদের অভিনীত ডা. ফারহিনের মৃত্যু এবং হাজরা ইয়ামিনের মিনহা চরিত্রের আবেগঘন দৃশ্য।

৫. হামরাহি

‘হামরাহি’কে বছরের অন্যতম আলোচিত প্রেমের ধারাবাহিক হিসেবে সামনে আনা হয়েছিল। এতে জুটি বেঁধেছেন দানিশ তাইমুর ও হিবা বুখারি। এর আগে ‘দিওয়াঙ্গি’ ও ‘জান নিসার’ নাটকেও একসঙ্গে অভিনয় করেছেন তারা।

নতুন ধারাবাহিকটিতে সাইহান গাজি চরিত্রে অভিনয় করেছেন দানিশ। হিবা বুখারিকে দেখা গেছে এলিফ ও ইলহাম, দুটি চরিত্রে। প্রথম পর্ব প্রকাশের পরই ইউটিউবে ৮০ লাখের বেশি দর্শক নাটকটি দেখেন। পরবর্তী সময়ে ধারাবাহিকটির মোট ভিউ ৯০ কোটির বেশি ছাড়িয়ে যায়।

তবে শেষ পর্বে সাইহানের মৃত্যু দর্শকদের বড় ধরনের বিস্ময়ের মুখে ফেলে। নাটকটির সমাপ্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়।

৬. জাঞ্জিরাইন

সাজাল আলী ও আমির গিলানির রোমান্টিক জুটি দেখার প্রত্যাশা থেকেই ‘জাঞ্জিরাইন’ নিয়ে শুরুতে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল। তবে ধারাবাহিকটির গল্প ধীরে ধীরে অন্যদিকে মোড় নেয়।

আমির গিলানির অভিনীত মুদাসসির রাবিয়ার স্বামী। এক উন্মত্ত অনুসরণকারীর হাতে মুদাসসিরের মৃত্যু হলে রাবিয়ার জীবনে নেমে আসে নতুন সংকট। পরবর্তী সময়ে সার বুলন্দ চরিত্রে হাজির হন ড্যানিয়াল জাফর। সাজাল আলীর সঙ্গে তার অভিনয় রসায়নও দর্শকদের আলোচনায় উঠে আসে।

শাহজাদ কাশমিরির পরিচালনায় নির্মিত নাটকটি শুরুতে ধীরগতিতে এগোলেও পরে দর্শকপ্রিয়তা অর্জন করে। আগস্টে ধারাবাহিকটির ইউটিউব ভিউ একশ কোটির বেশি হয়।

৭. বাস তেরা সাথ হো

প্রয়াত চিত্রনাট্যকার সায়রা রাজার লেখা ‘বাস তেরা সাথ হো’তে প্রচলিত গল্পের কাঠামো কিছুটা ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। এখানে নির্যাতন ও অবহেলার শিকার চরিত্রটি একজন পুরুষ, আনাস। তার চরিত্রে অভিনয় করেছেন ফারহান সাঈদ। অন্যদিকে সানা জাভেদ অভিনয় করেছেন আনসা চরিত্রে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার পর আনসার জীবনে সংকট তৈরি হয়। পরে আনাসের প্রতিশোধপরায়ণ এক চাচাতো ভাইয়ের ছড়ানো আরেকটি ভিডিও গল্পে নতুন মোড় আনে। আনসার সাহসী পদক্ষেপ একপর্যায়ে আনাসকে কারামুক্ত করতেও ভুমিকা রাখে।

কাসিম আলী মুরিদের পরিচালনায় নির্মিত ধারাবাহিকটি ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের মতো সমসাময়িক বিষয় সামনে এনেছে।

৮. দার-এ-নাজাত

উমেরা আহমেদের লেখা ‘দার-এ-নাজাত’ও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ধারাবাহিকটিতে জারিয়াব চরিত্রে অভিনয় করেছেন দুরে ফিশান সেলিম। দীর্ঘদিনের প্রেমিক জামিলের বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হয় তাকে। জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির খান।

এদিকে জারিয়াবকে নীরবে ভালোবেসে আসা আবু বকর চরিত্রে রয়েছেন শেহরিয়ার মুনাওয়ার। সম্পর্কের আঘাত থেকে বেরিয়ে আসার পর একজন নারীর জীবনে নতুন সম্পর্ক কতটা প্রয়োজন, সেই প্রশ্নও গল্পের পাশাপাশি দর্শকদের আলোচনায় উঠে এসেছে।

শেহরিয়ার মুনাওয়ারের সহপ্রতিষ্ঠিত থ্রিস এন্টারটেইনমেন্টের প্রথম নাটক এটি। সাকিব খানের পরিচালনায় নির্মিত ধারাবাহিকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রযোজক জেরজিস সেজার তথ্য অনুযায়ী, ২৩ পর্বেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির ভিউ ১৭০ কোটির বেশি হয়েছে।

ধারাবাহিকটির গান ‘আলবিদা আলবিদা’ পাকিস্তানের স্পটিফাইয়ের একটি ওএসটি প্লেলিস্টে শীর্ষস্থানেও জায়গা করে নেয়। ২১ নভেম্বর পর্যন্ত নাটকটির প্রচার চলছিল।