দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত নাট্যকার, চিত্রনাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় গতকাল শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে তাঁকে। বর্তমানে তিনি সচেতন থাকলেও শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তাঁকে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন দিতে হচ্ছে।
এর আগে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন মাতিয়া বানু শুকু। তাঁর ঘনিষ্ঠজন ও সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু জানিয়েছেন, অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। তাঁর জ্ঞান রয়েছে, তবে শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে তাঁর শরীরে সিভি লাইন স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। তবে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
চিকিৎসার ব্যয় বেশি হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের কথাও ভাবছে পরিবার। টিংকু জানিয়েছেন, কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসার খরচ তুলনামূলক বেশি। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কমিউনিটি হাসপাতাল কিংবা ইউনিভার্সাল মেডিকেলে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে।
মাতিয়া বানু শুকুর চিকিৎসায় আর্থিক সহায়তা চেয়েছেন তাঁর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক। তিনি জানান, নাটক ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য পেনশন বা এ ধরনের কোনো ব্যবস্থা নেই। ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত হলে চিকিৎসার দীর্ঘ ব্যয় সামলানো পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। শুকুকে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা, কেমোথেরাপি ও অন্যান্য খাতে অনেক অর্থ ব্যয় হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে জানিয়ে সরকারের সহযোগিতা পেলে তাঁরা কৃতজ্ঞ থাকবেন বলে জানান আতিক।
এক বছরের বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর তাঁকে ভারতের চেন্নাইয়ে নিয়ে চিকিৎসা করানো হয়। সেখানে কেমোথেরাপিও দেওয়া হয়েছিল। চলতি বছরও তাঁকে চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হয়। গত এপ্রিল মাসে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন। চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। ২০০৮ সালে এনটিভিতে প্রচারিত ‘টু লেট’ নাটকের মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’।
২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু। তাঁর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক। তাঁদের তিন সন্তান রয়েছে।